ঢাকাThursday , 10 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু স্যাটেলাইট : ইতিহাসের সাক্ষী হওয়ার দিন আজ

Link Copied!

নিউজ ডেস্ক : ইতিহাসের সাক্ষী হওয়ার দিন আজ। মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় পুরো দেশ। আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় ৪টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিট) মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।
কেনেডি স্পেস সেন্টারের বিবৃতিতে বলা হয়েছে, প্রথমবারের মতো স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের ব্লক ৫ সংস্করণ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে জিওস্টেশনারি ট্রান্সফার কক্ষপথের পথে ছুটবে।
৩ হাজার ৫০০ কেজি ওজনের জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ কক্ষপথের দিকে ছুটবে কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ থেকে। এই লঞ্চ কমপ্লেক্স থেকেই ১৯৬৯ সালে চন্দ্রাভিযানে রওনা হয়েছিল অ্যাপোলো-১১।
কেনেডির স্পেস সেন্টারের ৩৯এ প্যাডে থেকে ৩.৯ মাইল (৬.৭ কিলোমিটার) দূরে অবস্থিত অ্যাপোলো বা সাটার্ন ভি সেন্টার থেকে দেখা যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের দৃশ্য। এছাড়া ৭.৫০ মাইল (১২ কিলোমিটার) দূরে অবস্থিত মেইন ভিজিটর কমপ্লেক্স থেকেও দেখা যাবে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেশের প্রথম স্যাটেলাইটের উৎক্ষেপণ প্রস্তুতিসহ সার্বিক বিষয় সরাসরি সম্প্রচার করবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটকে মহাকাশে ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত কক্ষপথ প্লটে স্থাপন করা হবে। ফ্রান্সের কান টুলুজ ফ্যাসিলিটিতে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ফ্রান্স থেকে বিশেষ ব্যবস্থায় কার্গো বিমানে করে উৎক্ষেপণস্থল ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাপ ক্যানাভেরালে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস স্যাটেলাইটটি নির্মাণ করেছে।
১৫ বছর মেয়াদী বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের ফলে বাংলাদেশ অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ভাবেই লাভবান হবে।
ওয়েবে লাইভ দেখা যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ: বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ ওয়েবে বিশ্বব্যাপী লাইভ সম্প্রচার করবে স্পেসএক্স। www.spacex.com/webcast থেকে বাংলাদেশের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে পারবেন সকলেই। ইউটিউবে স্পেসএক্সের চ্যানেলেও www.youtube.com/channel/UCtI0Hodo5o5dUb67FeUjDeA লাইভ সম্প্রচার করা হবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে ফ্যালকন-৯ ব্লক ফাইভ রকেটের যাত্রা।
স্পেসএক্স এবারই প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে তাদের ফ্যালকন-৯ রকেটের ব্লক ফাইভ মডেল ব্যবহার করতে যাচ্ছে। ব্লক ফাইভ স্পেসএক্সের একটি অনন্য রকেট, যা পুনরায় ব্যবহারযোগ্য।
স্পেসএক্স কর্তৃপক্ষের মতে, এই রকেট উৎক্ষেপণের ৪৮ ঘণ্টার মধ্যে এটি আবারও উড়তে সক্ষম। এমনকি এটি ১০ বার পর্যন্ত বহন কাজে সক্ষম। মূলত মহাকাশে একই রকেটের মাধ্যমে একাধিকবার নভোচারী বহনের উপযোগী হিসেবেই ব্লক ফাইভ রকেট নির্মাণ করা হয়েছে। তবে নাসার নিয়ম অনুযায়ী, নভোচারী বহনের আগে এটিকে ৭ বার মানুষবিহীন ফ্লাইট পরিচালনা করতে হবে। আর এক্ষেত্রে আজ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে প্রথমবারের মতো উড়তে যাচ্ছে ব্লক লাইভ রকেট।