ঢাকাThursday , 10 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অধ্যাপক নূরউল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর, স্পিকার ও শিক্ষামন্ত্রীর শোক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট লেখক, গবেষক, ভাষাসৈনিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার পৃথক পৃথক শোকবার্তায় তারা এই শোক প্রকাশ করেন
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ প্রতিটি আন্দোলন-সংগ্রামের সঙ্গে অধ্যাপক নূরউল ইসলাম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।ষাটের দশকের আইয়ুব বিরোধী আন্দোলন, একষট্টি’র প্রবল প্রতিকূলতার মধ্যে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপনসহ সকল প্রগতিশীল গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন মুস্তাফা নূরউল ইসলাম। বঙ্গবন্ধুর ডাকে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও’ আন্দোলনে তিনি অনন্য অবদান রাখেন।
তিনি বলেন, ১৯৭১ সালে লন্ডনে পিএইচডি গবেষণারত অবস্থায় মহান মুক্তিযুদ্ধের সমর্থনে জনমত গঠনে অধ্যাপক নূরউল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত এই বিশিষ্ট সাহিত্যিকের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম ছিলেন একজন নিবেদিত প্রাণ ভাষাসৈনিক, প্রগতিশীল গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্রবাদ পুরুষ । তার মৃত্যুতে বাংলাদেশ একজন বাংলা ভাষা ও সাহিত্যের পণ্ডিত ব্যক্তিকে হারাল। এ দেশের জন্য তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অন্য বার্তায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মুস্তাফা নূরউল ইসলাম তার গবেষণা ও কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি একুশে পদকসহ বিভিন্ন জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অধ্যাপক নূরউল ইসলাম সুন্দরম সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। সাহিত্য ও শিল্পকলায় অসাধারণ অবদানের জন্য ২০১০ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। এ ছাড়া তিনি একুশে পদকও লাভ করেন।
অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।