নিজস্ব প্রতিবেদক : অ্যাগ্রিমেন্ট অন কোস্টাল শিপিংয়ের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন) সদস্যভুক্ত সাত দেশের মধ্যে স্বাক্ষরের জন্য এ চুক্তির খসড়া অনুমোদন নেওয়া হয়েছে। অনুমোদনের ফলে দেশের মধ্যে নৌ যোগাযোগ, বিশেষ করে পণ্য সামগ্রী নৌপথে বহন সহজতর হবে। এ চুক্তিতে সাত দেশই একমত হয়েছে। বাংলাদেশ এটাতে সম্মতি জ্ঞাপন করেছে।
উল্লেখ্য, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলংকাকে নিয়ে ১৯৯৭ সালে বিমসটেক গঠিত হয়।

