নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টি, পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
সোমবার এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। এডিবির পানিসম্পদ ব্যবস্থাপনা বিভাগের টিম লিডার জহিরউদ্দিন আহমদ এ সময় তার সঙ্গে ছিলেন।
বৈঠকে ঢাবি উপাচার্য ও এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে কারিগরি, বৃত্তিমূলক ও জ্ঞানভিত্তিক শিক্ষা আরো সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।
দক্ষ মানবসম্পদ, টেকসই শিল্পনীতি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে দেশের সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বর্ণনা করেন তারা।
বাংলাদেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টি, পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদানে আগ্রহের জন্য উপাচার্য অতিথিকে ধন্যবাদ জানান।

