নিজস্ব প্রতিবেদক : ভারতকে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পর্যবেক্ষক করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মলনের প্রথম দিনের এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই আহ্বান জানান।
রোববার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, শনিবার ওআইসির ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংস্থাটির গঠনতন্ত্রে সংস্কারের তাগিদ দেন যাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না হয়েও ভারত ওআইসির পর্যবেক্ষক পদে আসীন হতে পারে।
ওই বৈঠকে যুক্তি হিসেবে দেখানো হয় যে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মিশরের জনসংখ্যা ৯ কোটি ২০ লাখ। কিন্তু দেশটি মুসলিম বিশ্বের মাত্র ৫ শতাংশের প্রতিনিধিত্ব করে। অপরদিকে মুসলিম জনগোষ্ঠীর ভিত্তিতে বিশ্বে ভারতের অবস্থান ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরেই, তৃতীয় অবস্থানে।
মাহমুদ আলী বলেন, এমন অনেক দেশ আছে যারা ওআইসির সদস্য না কিন্তু তাদের নাগরিকদের একটি বিশাল অংশ মুসলিম। সেসব দেশে মুসলিমরা সংখ্যালঘু হলেও ওআইসির অনেক সদস্য রাষ্ট্রের তুলনায় তাদের মুসলিম জনসংখ্যা বেশি।
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এই সম্মেলন। গতকাল শনিবার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিএফএম এর বিদায়ী সভাপতি আইভরিকোস্টের পররাষ্ট্রমন্ত্রী মার্কেল এমন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সিএফএম এর সভাপতির দায়িত্ব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর কাছে হস্তান্তর করা হয়।

