ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে আলাদা সাইকেল লেন দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ধুলা-ধোঁয়ামুক্ত করার ক্ষেত্রে আলাদা সাইকেল লেন চালুর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার ‘ধুলা-ধোঁয়ামুক্ত ঢাকা মহানগরী চাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে এক র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র হয়ে বাংলা একাডেমি, দোয়েল চত্বর দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ দাবি জানান।
র‍্যালিটি আয়োজনে করে পরিবেশ বাঁচাও আন্দোলন, জনউদ্যোগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ এবং সহযোগিতা করেন আইইডি, ইকিউএমএস, গ্রীণ ফোর্স এবং পরিবেশ উদ্যোগ।
আরেফিন সিদ্দিক বলেন, আজকে তরুণ প্রজন্মদের সুরক্ষা করার জন্য শরীর চর্চার প্রয়োজন আছে৷ আর সাইকেল ব্যবহারের মাধ্যমে এ শরীর চর্চার পাশাপাশি সময়ও বাঁচবে৷ মানুষ রাজধানীতে সাইকেল ব্যবহার করে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে৷ কিন্তু রাজধানীতে এর জন্য কোনো আলাদা লেনের ব্যবস্থা নেই।
‘সাইক্লিং সুইমিং এর চেয়েও ভাল ব্যায়াম। ঢাকা শহরে নিরাপত্তার সঙ্গে সঙ্গে জরুরি হয়ে পড়েছে আলাদা সাইকেল লেন। বিশেষ করে মেয়েদের চলাফেরার জন্য বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে সাইকেল লেন দরকার। এ ব্যাপারে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আপাতত বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে আলাদা সাইকেল লেন তৈরির উদ্যোগের কথা জানিয়েছেন।’
সমাবেশে ধুলা তৈরি করে এমন অবকাঠামো ও খনন কাজ সমন্বয় করে একবারে করার দাবি জানিয়েছেন অন্য বক্তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জনউদ্যোগের আহ্বায়ক ডা. মুশতাক হোসেন বলেন, সরকার যেসব উদ্যোগ গ্রহণ করে তা সফল ও জনবান্ধব করতে জনগণের অংশগ্রহণ দরকার। সেজন্য আমাদের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলন এর চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বর্তমানে ধুলা দূষণ প্রকট আকার ধারণ করেছে। ধুলা দূষণে অস্বাভাবিকভাবে বেড়েছে ধুলাজনিত রোগব্যাধির প্রকোপ। ঘরবাড়ি আসবাবপত্রসহ কাপড়-চোপড়ে ধুলা জমে যেভাবে প্রতিদিন নগর জীবনকে নোংরা করছে, তা পরিচ্ছন্ন রাখতেও নগরবাসীকে নষ্ট করতে হচ্ছে হাজার হাজার শ্রমঘণ্টা ও বিপুল পরিমাণ পানি এবং ডিটারজেন্ট। জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বিবেচনায় অবিলম্বে ধুলা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
ধুলা ও ধোঁয়ামুক্ত ঢাকা মহানগর গড়তে পরিসেবা প্রদানকারী সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধন করে রাস্তা একবার খনন করা। রাস্তাঘাট ও ফুটপাত নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও মেরামত, ভবন নির্মাণ ও মেরামত বা অন্য যেকোনো অবকাঠামো নির্মাণের সময় নির্মাণসামগ্রী রাস্তার ওপর বা রাস্তার পাশে খোলা জায়গায় না রাখা। ধুলা সৃষ্টি করে এমন কোনো সামগ্রী বহনের সময় ঠিক আচ্ছাদন ও প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক, সাবেক ফুটবলার কায়সার হামিদ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. আলী নকী ও একই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কামরুজ্জামান মজুমদার, আইইডি এর নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, পবার সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদ রাসেল, সদস্য মেসবাহ উদ্দিন আহমেদ সুমন প্রমুখ।