নিজস্ব প্রতিবেদক : পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ৮ ঘণ্টা কর্মসময়ের দাবিতে মিছিল, র্যালি, মানববন্ধন ও সমাবেশে করেছে শ্রমিক সংগঠনগুলো। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১৫ থেকে ২০টি শ্রমিক সংগঠন এ দাবি তুলে ধরে।
সংগঠনগুলো হলো- ঢাকা মহানগরীর প্রাইভেট কার ও ট্যাক্সি ক্যাব ড্রাইভার্স ইউনিয়ন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, দ্য সিটি ব্যাংক কর্মচারী পরিষদ, বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ, শ্রমিক নিরাপত্তা ফোরাম, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশন, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, কারিতাস সেফ প্রকল্প, গণতান্ত্রিক যুব ফোরাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক, ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) সভাপতি ফায়জুল হাকিম বলেন, আজকে শ্রমিকরা সবচেয়ে বঞ্চিত শ্রেণি। সমাজের প্রতিটি ক্ষেত্রে তারা মালিক দ্বারা নিগৃহীত হচ্ছেন। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমানে শ্রমিকদের ১২/১৪ ঘণ্টা কাজ করতে হয়। ৮ ঘণ্টা কাজ করার কথা থাকলেও তা বাস্তবায়িত হয় নাই। আজ এ শ্রমিক দিবসে জোর দাবি, শ্রমিকদের ৮ ঘণ্টা কাজ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দেশকে আরো সমৃদ্ধশালী করতে হলে শ্রমিকদের বিকল্প নেই। এদের কর্ম দিয়েই দেশ আজ উন্নত হচ্ছে।
এ সময় তিনি আরো কয়েকটি দাবি তুলে ধরেন। এসব দাবি হলো- শ্রমিকদের সপ্তাহে দুই দিন ছুটি দিতে হবে, ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, ২৪ এপ্রিল শ্রমিক গণহত্যা দিবস ঘোষণা ও সকল শ্রমিক হত্যার বিচার করতে হবে, শিল্প পুলিশ ও শিল্প গোয়েন্দা বাতিল করতে হবে।
মানববন্ধনে শ্রমিক গণতান্ত্রিক মোর্চার নেতারা বলেন, পয়লা মে শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে ৮ ঘণ্টা কর্মসময়ের অধিকার পুঁজিবাদী শ্রেণিরা ঘোষণা করলেও আজও তা বাস্তবায়ন হয়নি। আজও শ্রমিকদের ১২/১৪ ঘণ্টা কাজ করতে হয়। এটা নিঃসন্দেহে শ্রমিকদের ওপর জুলুম।

