নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার রাজধানীর হোটেল র্যাডিসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।
মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬ এর পুরো কাজকে ৮টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ-৫ ও ৬ এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও সাতটি স্টেশন নির্মাণ করা হবে।
প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬ এর পুরো কাজ ৮টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ-৫ ও ৬ এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও সাতটি স্টেশন নির্মাণ করা হবে।
প্যাকেজ-৫ এর আওতায় আগারগাঁও থেকে কারওয়ানবাজার পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মাণে লিড পার্টনার হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে চুক্তিবদ্ধ হয় জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান টেকেন করপোরেশন, আব্দুল মোনেম লিমিটেড ও অ্যাবেনিকো জেভি।
আর প্যাকেজ-৫ এর আওতায় কারওয়ানবাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৯ কিলোমিটার ভায়াডাক্ট ও চারটি স্টেশন নির্মাণে ডিএমটিসিএলের সঙ্গে চুক্তি করে সুমিটোমো মিটসুই কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও আইটিডি। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক চুক্তিতে সই করেন।
চুক্তি সই শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল এমআরটি-৬ এর কাজ পুরোদমে এগিয়ে চলছে। আমরা ছয় মাস পিছিয়ে ছিলাম হলি আর্টিজান ট্র্যাজেডির জন্য। তবে নির্মাণ কোম্পানিকে তা নিরুৎসাহিত করেনি। ছয় মাস আমরা কাভার করে ফেলেছি।
তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত এবং ২০২০ সালের মধ্যে পুরো মেট্রোরেলের কাজ উত্তরা থার্ড ফেজ থেকে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করব। ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জাপান আমাদের কোয়ালিটি কাজ দিচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে দিচ্ছে। এটা একটা ভালো দিক। যোগাযোগের ক্ষেত্রে চমৎকার একটি পার্টনারশিপ তৈরি হয়েছে। এই প্রকল্পে ৭০০ কোটি টাকা খরচ বেঁচে যাবে।
চুক্তি অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন ও সদস্য নাজমুল হক প্রধান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ মন্ত্রণালয় এবং মেট্রোরেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজধানীর যানজট নিরসনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল রুট-৬ এর নির্মাণকাজ আটটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। তৃতীয় ও চতুর্থ প্যাকেজের আওতায় উত্তরা নর্থ থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার ভায়াডাক্ট ও নয়টি স্টেশন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

