ডেস্ক রিপোর্ট : রাশিয়া ও চীন উভয়ই মনে করে রোহিঙ্গা সমস্যা একটি জটিল বিষয় এবং এর সহজ কোনও সমাধান নেই। তবে দেশ দুটি মনে করে, এ বিষয়ে আলোচনা অব্যাহত রেখে সবাইকে সঙ্গে নিয়ে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
২৯ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল কক্সবাজারে সরেজমিনে রোহিঙ্গাদের অবস্থা দেখার পর এক সংবাদ সম্মেলনে রাশিয়া ও চীনের প্রতিনিধি সাংবাদিকদের কাছে রোহিঙ্গা প্রশ্নে তাদের অবস্থান তুলে ধরেন।
রুশ প্রতিনিধি সাংবাদিকদের বলেন, ‘এটি সত্য, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত জটিল একটি বিষয়। আমরা নিরাপত্তা পরিষদে এ বিষয়ে একসঙ্গে কাজ করছি।’
নিরাপত্তা পরিষদের সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘রেজ্যুলেশনের সময় এখনও আসেনি। এটি শুধুমাত্র প্রেস স্টেটমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে।’
তিনি বলেন, ‘এখানে কোনও ম্যাজিক সমাধান নেই। তবে অবশ্যই আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং চেষ্টা করবো সবচেয়ে ভালো সমাধান খুঁজে বের করতে।’ রাশিয়ার প্রতিনিধি বলেন, ‘আ মরা উৎসাহিত করি দ্বিপক্ষীয়ভাবে সমস্যাটির সমাধান হোক এবং আমরা চেষ্টা করছি দুদেশকে বোঝানোর জন্য, যাতে করে গঠনমূলক দর কষাকষি করে।’
একই সুরে চীনের প্রতিনিধি বলেন, ‘এটি একটি জটিল বিষয় এবং এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, জাতিগত সত্তা।’ তিনি বলেন, ‘এর কোনও সহজ উত্তর নেই এবং আমাদের সবাইকে একসঙ্গে এর সমাধানের জন্য কাজ করতে হবে।’
চীনা প্রতিনিধি বলেন, ‘আমরা আশা করি এ সমস্যা সমাধানের জন্য সবাই গঠনমূলক ভূমিকা পালন করবে।’
তবে একটি ক্ষেত্রে রাশিয়া ও চীনের প্রতিনিধি ভিন্নমত পোষণ করেন।
নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে কোনও কোনও রাষ্ট্র এই দুঃস্থ মানুষগুলিকে ‘রোহিঙ্গা’ নামে ডাকে। এ বিষয়ে করা প্রশ্নের জবাবে রাশিয়া ইতিবাচক উত্তর দিলেও চীন এ বিষয়ে কঠোর মনোভাব পোষণ করে।

