ঢাকাSaturday , 28 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলন: প্রধানমন্ত্রী ফিরলে প্রজ্ঞাপনের আশ্বাস

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে কথা বলেছেন, তার আলোকে দ্রুত প্রজ্ঞাপন হবে বলে কোটা আন্দোলনের নেতাদেরকে জানিয়েছেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া থেকে ফিরলেই এ বিষয়ে আদেশ জারি হবে।
এপ্রিলের মধ্যে কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হলে ছাত্রদের পক্ষ থেকে আবার আন্দোলনের হুমকি আসার পরদিন শুক্রবার রাতে তাদের সঙ্গে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ন্যাম ভবনের বাসভবনে বসেন নানক। এ সময় এই আশ্বাস দেয়া হয় বলে জানিয়েছেন আন্দোলনকারী নেতারা। পরে নানকও এ কথা বলেন।
কোটা সংস্কারে আন্দোলনের মুখে গত ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ‘কোনো কোটা থাকার দরকার নেই’ বলে বক্তব্য রাখেন। এতে ছাত্ররা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যায়।
তবে প্রধানমন্ত্রী সংসদে দেয়া বক্তব্যে তার নিজের মতের কথা জানিয়ে বলেন, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন, তাদের সুপারিশের আলোকেই ব্যবস্থা নেয়া হবে। আর প্রধানমন্ত্রী সেদিন কেবল বিসিএস চাকরির উদাহরণ দিয়েছেন। ফলে কোটার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কেবল বিসিএস চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি, সামগ্রিক সরকার চাকরিতে প্রযোজ্য হবে, সেটি স্পষ্ট হবে প্রজ্ঞাপনের পর।
২৬ এপ্রিল কোটা নিয়ে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চলতি মাসের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন না হলে আবার আন্দোলনের ঘোষণা দেয়। সেদিনই ছাত্রদের সঙ্গে যোগাযোগ করা হয় নানকের পক্ষ থেকে।
শুক্রবার রাত নয়টার কিছু পর ছাত্রদের ১৫ জন নেতা নানকের ন্যাম ভবনে প্রবেশ করেন। রাত সাড়ে নয়টার দিকে সেখানে আসেন নানক। এর আগে ছাত্রদেরকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম।
ক্ষমতাসীন দলের দুই নেতার সঙ্গে ছাত্রদের বৈঠক চলে প্রায় ১১টা অবধি। বৈঠক শেষে আন্দোলনকারী সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, ‘আলোচনা ফলপ্রসু হয়েছে। নেতাদের কথায় আমরা আশ্বস্ত হয়েছি। তারা বলেছেন, যেহেতু প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন, তিনি দেশে আসলে প্রজ্ঞাপন হবে আশা করি।’
বর্তমানে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তার সেখান থেকে ৩০ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।