নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ জনগণের বন্ধু। আর এ কারণে জনগণ শান্তিতে বর্ষবরণ করতে পারছে।শনিবার রমনা পার্কে পয়লা বৈশাখের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংগীত’ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, সারা দেশের মানুষ আনন্দের সঙ্গে বর্ষবরণের অনুষ্ঠান পালন করছে। রমনায় মানুষের ঢল নেমেছে। নাচ, গান ও আড্ডায় মেতে উঠছে জনগণ। আর পুলিশের এ সংগীত অনুষ্ঠান উৎসবে নতুন মাত্রা যোগ করেছে। একইসঙ্গে নির্দিষ্ট সময় শেষে এসব স্থান ত্যাগ করতে হবে।
আর বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, এখানে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। আর জনগণ যেন শান্তিতে বর্ষবরণ পালন করতে পারে সেজন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ অন্যান্যরা বক্তর্য রাখেন।

