আন্তর্জাতিক ডেস্ক : গ্রেপ্তার এড়াতে ফিনল্যান্ড ছেড়েছেন স্পেনের কাতালোনিয়া অঞ্চলের প্রাক্তন প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন। শনিবার তার আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছর স্পেনের কেন্দ্রীয় সরকারের বিরোধিতা সত্বেও কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করেন পুজদেমন। ভোটে স্বাধীনতাপন্থিদের বিজয় হয় এবং পুজদেমন স্বাধীনতার ডাক দেন। এরপরই স্পেন সরকার তার সরকারকে বরখাস্ত করে ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তার এড়াতে বেলজিয়ামে পালিয়ে যান পুজদেমন। বৃহস্পতিবার সেখান থেকে তিনি ফিনল্যান্ডে যান। শুক্রবার স্বাধীনতাপন্থি পাঁচ নেতার জামিন বাতিল করে আদালত আটকের নির্দেশ দিয়েছে স্পেনের সুপ্রিম কোর্ট। এছাড়া পুজদেমনসহ পলাতক নেতাদের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
পুজদেমনের আইনজীবী জাউমি আলনসো কিউভিলাস শনিবার এই টুইটার বার্তায় বলেছেন, ‘আমি নিশ্চিত করছি, প্রেসিডেন্ট পুজদেমন আর ফিনল্যান্ডে নেই।’
পুজদেমনকে আশ্রয় দেওয়া ফিনল্যান্ডের এমপি মিক্কো কারনা শনিবার এক বিবৃতিতে বলেছেন, ‘বেলজিয়ামের অজানা গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিতে গতকাল ফিনল্যান্ড ছেড়েছেন পুজদেমন।’

