বিনোদন ডেস্ক : বলিপাড়ায় টাইগার শ্রফ ও দিশা পাটানিকে ঘিরে প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। বাঘি-টু সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। সম্প্রতি প্রকাশিত হয়েছে এ সিনেমার প্রথম গান ‘মুন্ডিয়া’। তবে প্রকাশের পর আইনি জটিলতায় পড়েছে এটি।
‘মুন্ডিয়া’ গানটি ১৯৯৬ সালের একই নামের একটি পাঞ্জাবি গানের রিমেক। গানটির সুরকার চিরঞ্জিৎ সিং মাকার এবং গায়ক লাভ জানজুয়া। তবে বিশ্বব্যাপী গানটি সাড়া ফেলে যখন ব্রিটিশ-পাঞ্জাবি শিল্পী রাজিন্দ্রার সিং রাই এর ভাংড়া সংস্করণ তৈরি করেন। এরপর চিরঞ্জিৎ ও লাভ মিলে গানটির স্বত্বাধিকার নিজেদের করে নেন এবং জানান, লিখিত কোনো অনুমিত ব্যতীত কেউ গানটির কোনো সংস্করণ তৈরি করতে পারবে না, এমনকি সেটি অন্য কোনো ভাষাতেও নয়।
কিন্তু সম্প্রতি বাঘি-টু সিনেমার গানটি দেখে চমকে যান চিরঞ্জিৎ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, “কল্পনা করতে পারেন আমি কতটা আশ্চর্য হয়েছি যখন আমি পাঞ্জাবে আমার বাড়িতে বসে দেখছিলাম টিভিতে ‘মুন্ডিয়া’ গানের হিন্দি সংস্করণ বাজছে। প্রথম দুই লাইন ও শেষের অংশটুকু পরিবর্তন করা হয়েছে কিন্তু তারপরও এটি আমাদের গান।”
তিনি জানান, গানটি দেখার পর সিনেমার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, এরমধ্যে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাও ছিলেন। কিন্তু কেউ তার কথা কানে তোলেননি। এরপর তিনি নাদিয়াদওয়ালা এন্টারটেইনমেন্ট, পরিচালক আহমেদ খান, টি-সিরিজ, গীতিকার গিনি দিওয়ান, সংগীত পরিচালক সন্দীপ শিরোকার, গায়ক নবরাজ হ্যান্স, গায়িকা পলক মুচ্চাল ও টাইগারের নামে আইনি নোটিশ পাঠান। চিরঞ্জিৎ বলেন, ‘নোটিশ মূলত সম্মানি থেকে আমাকে বঞ্চিত করার কারণে। এটা শুধু প্রতারণা নয়, লাভের মতো একজন কিংবদন্তিকে অসম্মানও।’
এছাড়া তার আইনিজীবী আদালতে বাঘি-টু নির্মাতাদের বিরুদ্ধে গান নকল ও কথা পরিবর্তনের অভিযোগ এনেছেন। ক্ষতিপূরণ হিসেবে এ পাঞ্জাবি গায়ক ৫ কোটি রুপির পাশাপাশি এ গানের অডিও-ভিডিও প্রচারণা বন্ধের দাবি জানিয়েছেন। এছাড়া ইন্ডিয়ান পারফর্মিং রাইটস সোসাইটি লিমিটেড ও ভারতীয় সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোশিকেও তিনি বিষয়টি অবহিত করেছেন বলে জানা গেছে।

