নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের অনুমোদনক্রমে বেসরকারি কলেজগুলোতে ডিগ্রি কোর্স অধিভুক্তির শর্ত হিসেবে তৃতীয় স্তরের শিক্ষক নিয়োগ দিয়েছে।
পূর্বে শর্ত অনুসারে সুবিধা পেলেও বর্তমানে জনবল কাঠামোর বাইরে রাখার কারণে কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় তৃতীয় শ্রেণি শিক্ষকদের এমপিভুক্তকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ডিগ্রি (৩য়) শিক্ষক পরিষদের (বাডিশিপ) আহ্বায়ক মো. শাহাব উদ্দিন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাডিশিপ আয়োজিত মানববন্ধন থেকে তিনি এ কথা বলেন। অবিলম্বে প্রচরিত জনবল কাঠামো সংশোধনপূর্বক বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
শাহাব উদ্দিন বলেন, অবিলম্বে প্রচলিত জনবলকাঠামো সংশোধন করে এ সমস্ত শিক্ষকদের এমপিভুক্তির জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত কলেজ প্রায় ১৫০০ জন ডিগ্রির তৃতীয় শিক্ষক কর্মরত আছেন। যাদের এমপিওভুক্তির জন্য বাজেটে বার্ষিক মাত্র ৩৯ কোটি টাকার অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন। নিয়োগপ্রাপ্ত তৃতীয় স্তরের শিক্ষকেরা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।
তিনি বলেন, দেশের উচ্চশিক্ষায় অবদান রাখা এই সব শিক্ষকদের বেতন কলেজ কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাদের নামমাত্র বেতন দেন। যা ফলে শিক্ষদের চরম দুর্ভোগ দুরাবস্থার শিকার হতে হচ্ছে যা তাদের জন্য সম্মান হানিকর। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এবি ছিদ্দিকি, আ. সাত্তার নয়ন, সাজ্জাদুল রহমান, আবুল হাসান আল মামুন প্রমুখ।

