আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবেল পুরষ্কার পাওয়া জাপানি বিজ্ঞানী এইচি নেগেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এসময় তার স্ত্রীর লাশও উদ্ধার করা হয়।
নিখোঁজের প্রায় নয় ঘন্টা পর তাদের বাড়ি থেকে প্রায় ৩২১ কিলোমিটার দূরে একটি জায়গায় তার স্ত্রীর মরদেহ পাওয়া যায়।
এইচি নেগেশি যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক। তিনি ২০১০ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টায় ইলিনয়ের রকফোর্ড এলাকার কাছে এইচি নেগেশিকে পাওয়া যায়। এসময় তিনি সেখানে ঘোরাঘুরি করছিলেন। তার কাছাকছি একটি স্থানে তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধারের পর ৮২ বছর বয়সী ওই জাপানি বিজ্ঞানীকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী সুমিরে নেগিশির মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় শেরিফের দপ্তর।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে ইন্ডিয়ানা পুলিশের কাছে ওই দম্পতি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল। সর্বশেষ তাদের পারডু বিশ্ববিদ্যালয়ের কাছে নিজ বাড়িতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

