স্পোর্টস ডেস্ক : ১৮৭৭ সালে আজকের দিনেই যাত্রা শুরু করেছিল টেস্ট ক্রিকেটের। প্রথম আন্তর্জাতিক টেস্টের যাত্রার দিনে বাংলাদেশ ২০১৭ সালে খেলেছিল নিজেদের শততম টেস্ট।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজকের দিনে যাত্রা শুরু টেস্ট ক্রিকেটের। খেলেছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পনের’শ দর্শকের উপস্থিতে মাঠে খেলা শুরু হয়েছিল। চার্লস বেনারম্যান খেলেছিলেন টেস্ট ক্রিকেটের প্রথম বল। বল করেছিলেনআলফ্রেড শহ। প্রথম বল থেকেই রান পেয়েছিলেন বেনারম্যান। প্রথম সেঞ্চুরিটিও করেছিলেন বেনারম্যান। ১৬৫ রানের নজরকাড়া ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার এ ওপেনার।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২৪৫ রান। জবাবে ইংল্যান্ড করে ১৯৬ রান। লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ১০৪ রানে গুটিয়ে যায় ডেভ গ্রেগরির দল। লক্ষ্যটা ইংল্যান্ডের সহজ ছিল। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসও ফ্লপ তাদের। ১০৮ রানে শেষ তাদের ইনিংস। ৪৫ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
টেস্টে বাংলাদেশের যাত্রা শুরু ২০০০ সালে। হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ ২০১৭ সালে খেলে শততম টেস্ট। শ্রীলঙ্কার কলম্বোতে মুশফিক বাহিনীকে আতিথেয়তা দেয় শ্রীলঙ্কা। ঐতিহাসিক ম্যাচটির যাত্রা শুরু হয়েছিল আজ থেকেই। সাকিবের সেঞ্চুরি, মুস্তাফিজের অসাধারণ বোলিং এবং তামিম, মোসাদ্দেক ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ জয় পায় শততম টেস্টে।

