নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মশা নিধনে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনগুলোর নেতারা এ দাবি জানান।
বক্তারা বলেন, রাজধানীতে মশার দৌরাত্ম্যে নগরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে রাতে চলছে মশার আধিপত্য। এতে ঢাকার বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আতঙ্ক। হঠাৎ করেই মশার এমন দৌরাত্ম্য বাড়লেও মশা নিধনে কোনো নজর নেই সিটি করপোরেশনের। নগরবাসীর অভিযোগ মশক নিধন-কর্মীদের দেখা মেলে কালে ভদ্রে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সম্প্রতি মশা নিধনে হট লাইন চালু করেছে উল্লেখ করে বক্তারা বলেন, ‘হট লাইন-কোল্ড লাইন বুঝি না, নগরবাসীর দাবি মশামুক্ত ঢাকা চাই’।
বক্তারা ঢাকাকে মশামুক্ত রাখতে মশার প্রজনন কেন্দ্র ধ্বংস করতে কচুরিপানা ও ময়লা-আর্বজনামুক্ত জলাশয় পরিষ্কার রাখা, ওয়ার্ড ভিত্তিক মশা নিধন কর্মকাণ্ডের দায়িত্ব সিটি করপোরেশনের কাউন্সিলরদেরকে দেওয়া, মশা নিধনে ওষুধ ছিটানোর বরাদ্ধ কয়েকগুণ বাড়ানো ও মশা নিধনে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় নিশ্চিত করার দাবি জানান।
মাওলানা ভাসানী ঐক্যজোটের আহবায়ক এম এ ভাসানীর সভাপতিত্বে মানববন্ধনে অ্যাডভোকেট খন্দকার শামসুল আলম দুদু, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি মশিউর রহমান বাবুল প্রমুখ বক্তব্যে রাখেন।

