স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব ইন্টার মিলানের স্ট্রাইকার মাউরো ইকার্দি। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। ২৪ বছর বয়সী এই তারকা ইন্টারের হয়ে ইতিমধ্যে ১৮ গোল করেছেন।
ফর্মে থাকার কারণে দল বদল মৌসুমে অনেকেরই নজর তার উপর। সেই তালিকায় সবচেয়ে বড় নাম রিয়াল মাদ্রিদ। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকার্দি ‘বিদায়ের’ পোস্ট দিয়েছেন। আর তাতেই গুঞ্জন উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকার্দি লিখেছেন, ‘ভালো কিছুর জন্য বিদায়’। পাশাপাশি তিনি হাত নাড়ানোর ইমোজিও দিয়েছেন।
রিয়াল মাদ্রিদ গেল মৌসুমে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে। চলতি মৌসুমে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে তারা বেশ পিছিয়ে। এখান থেকে শিরোপা জিততে হলে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে জিনেদিন জিদানের শিষ্যদের। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে তারা শক্তিশালী পিএসজির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে তাদের সময় ভালো যাচ্ছে না। সে কারণে অনেকেই মনে করছেন ইকার্দিদের মতো তরুণদের টার্গেট করছে রিয়াল। এখন দেখার বিষয় সত্যি সত্যিই রিয়াল মাদ্রিদ আর্জেন্টাইন তারকা ইকার্দিকে দলে ভেড়ায় কিনা।

