নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়র উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মঞ্জুর আলম ও মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামিন সরকার।
আইনজীবী সৌরভ জানান, গত বছরের ১০ আগস্ট আসদাচরণ, নৈতিক স্খলন, কর্তব্যে অবহেলা ও অপেশাদারী নানা অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অধ্যাপককে বরখাস্ত করে।
এসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তদন্ত কমিটি অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে তাকে বরখাস্ত করার সুপারিশ করে এবং বরখাস্ত করা হয়, যা বেআইনি ও অবৈধ।
এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করলে আজ সেটির শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

