নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল শ্রীলঙ্কা। প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচে জিতে ফাইনালে ওঠে তারা। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছে তারাই। কীভাবে সম্ভব হলো? শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল বলছেন, কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন তারা।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১২ রানে হেরেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হারে ১৬৩ রানে। সেই তারাই পরের দুই ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে ও বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে। আজ মিরপুরে ফাইনালে বাংলাদেশকে ৭৯ রানে হারিয়ে জিতেছে ট্রফি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে চান্দিমাল বলেন, ‘এটা পুরোটাই কঠোর পরিশ্রম। বিশেষ করে এসব টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে হারের পর ফিরে আসাটা বেশ কঠিন। ছেলেরা অনুশীলনে নিজেদের উজাড় করে দিয়েছে এবং মাঠেও তাই করেছে। তাদের পরিকল্পনা ছিল এবং সেটা বাস্তবায়ন করেছে। এই সিরিজে যারা খেলেছে সব কৃতিত্ব তাদের।’
২০০৯ সালে মিরপুরে এমন আরেকটি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সেই স্মৃতি কি আজ বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে? চান্দিমাল বললেন, ‘আসলে আজ আমরা খেলতে আসার আগে সেই ম্যাচ নিয়ে চিন্তা করিনি। বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা দরকার ছিল। আমরা সবাই জানি, তারা খুব ভালো দল, বিশেষ করে ঘরের মাঠে। শেষ দুবছর তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। আমরা শুধু প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চেয়েছি এবং আমরা জানতাম, এটা পারলে ফল আসবে। দল হিসেবে এটাই আমাদের ভাবনায় ছিল।’

