lasনিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এতে অন্তত আট শ্রমিক আহত হয়েছে। শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার ফাওগান নিশ্চিতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জয়দেবপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন ও স্থানীয়রা জানান, ওই এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতলের ছাদ তৈরির কাজ চলছিল। এতে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। দুপুর পৌনে ১টার দিকে ভবনের ছাদ ধসে পড়ে। এ সময় স্থানীয়রা পাঁচ/ছয়জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় এবং দুইজনকে আহতাবস্থায় উদ্ধার করে। আহতদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

