টাঙ্গাইল প্রতিনিধি : জেলার সখীপুরে দুই কলেজ ছাত্রীকে ধর্ষণ ও অপহরণ চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন সখীপুর আমলী আদালত।
মঙ্গলবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মজিবর রহমান আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করেন। পরে আদালতের বিচারক রুপন কুমার দাস আসামিদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সখীপুর মহিলা কলেজের দুই ছাত্রীকে ধর্ষণ ও অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে ওই পাঁচজন। পরে ওইদিন রাতেই কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান বাদী হয়ে মামলা করেন। পুলিশ সেদিন রাতেই মামলার আসামি স্থানীয় লোকাল বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অন্তর হোসেন (২৫), উপজেলার আড়াইপাড়া গ্রামের জাহিদ হাসান (১৯), পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাহারতা গ্রামের সাকিব আল হাসান (১৮), একই এলাকার কাব্য (১৮) ও ৪ নম্বর ওয়ার্ডের সিয়াম হাসানকে (২০) গ্রেপ্তার করে। আসামিরা সবাই সরকার দলীয় সমর্থক বলে জানা গেছে।
পরে ২১ ডিসেম্বর আসামিদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত আজ (২৬ ডিসেম্বর) শুনানির দিন ধার্য করেন।

