
আটক রাজীব। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকারীয়ের সময় রিকশায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ৫ মাসের শিশু আরাফাত নিহত হওয়ার ঘটনায় মূল আসামি রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে দয়াগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে রাজীবের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গ্রেপ্তার রাজীব একজন পেশাদার ছিনতাইকারী। সে আরাফাত হত্যা মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাজীব ওই ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন তিনি।
ওসি জানান, গ্রেপ্তার রাজীবকে আদালতে হাজির করা হবে।
গত ১৮ ডিসেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার সময় রিকশা থেকে পড়ে ছিনতাইয়ের কবলে পড়া শরীয়তপুর সদরের শাহ আলম-আকলিমা দম্পতির শিশু ছেলে আরাফাতের মৃত্যু হয়।
শরীয়তপুর থেকে আসা এই দম্পতি সদরঘাটে লঞ্চ থেকে নেমে রিকশায় করে ঢামেক হাসপাতালে যাচ্ছিলেন। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন নিহত শিশুর বাবা শাহ আলম।

