ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুপ্তচরবৃত্তি ঠেকাতে অ্যাপ বানালেন স্নোডেন

Link Copied!

ছবি- গার্ডিয়ান প্রজেক্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র গুপ্তচরবৃত্তির তথ্য উন্মোচন করার কারণে বেশি পরিচিত সংস্থাটির সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। এবার নাগরিকদের সুরক্ষার বিষয়টি আরও নিশ্চিত করতে নতুন এক প্রকল্প হাতে নিয়েছেন তিনি।
‘হ্যাভেন’ নামের একটি অ্যাপ বানিয়েছেন স্নোডেন। এই অ্যাপ অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনগুলোকে একটি পুরোপুরি গুপ্তচরবৃত্তিরোধী ব্যবস্থায় পরিণত করবে, বলা হয়েছে বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে। স্নোডেনের সঙ্গে এই অ্যাপ বানাতে কাজ করছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান প্রজেক্ট।
‘ভাবুন তো আপনি কোনো হোটেলে আপনার সঙ্গে একটি পাহারাদার কুকুর নিয়ে গেলেন আর যখন আপনি রুম থেকে বের হবেন তখন এটিকে সেখানে রেখে গেলেন’- শুক্রবার মার্কিন সাময়িকী ওয়্যারড-এর প্রকাশিত এক সাক্ষাৎকারে অ্যাপটির বর্ণনায় এমন মন্তব্য করেন স্নোডেন। তিনি আরও বলেন, ‘এটি আসলেই স্মার্ট, আর যা হয় তার সবকিছু প্রত্যক্ষ করে ও রেকর্ড করে রাখে।’

ছবি- গার্ডিয়ান প্রজেক্ট

এক্ষেত্রে ধারণাটি হচ্ছে ব্যবহারকারীকে তার সঙ্গে একটি ‘বার্নার’ ফোন রাখতে হবে। এই ফোনে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তারপর যেখানেই কিছু পর্যবেক্ষণ করা দরকার হবে বলে মনে হবে, সেখানে আগে থেকে ফোনটি স্থাপন করে রাখতে হবে। একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আলাদা একটি ফোন ব্যবহার করে উদ্দেশ্য পূরণের পর তা নষ্ট করে ফেলা হলে ঐ ফোনটিকে ‘বার্নার’ ফোন বলা হয়।
ওই স্থানে যা যা ঘটবে তা ফোনটি পর্যবেক্ষণ ও রেকর্ড করতে থাকবে। সেখান থেকে রেকর্ড করা ডেটা ব্যবহারকারীর ব্যক্তিগত ফোনে সুরক্ষিত উপায়ে পাঠানো হবে। এক্ষেত্রে সিগনাল অ্যাপের মতো কোনো এনক্রিপটেড যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হবে। অ্যাপটিকে পরিচয় করিয়ে দেওয়ার একটি ভিডিওতে স্নোডেন বলেন, ‘আমরা অনুসন্ধানী সাংবাদিক, মানবাধিকার রক্ষা কর্মী আর ঝুঁকিতে থাকা মানুষদের জন্য একটি টুল হিসেবে হ্যাভেন বানিয়েছি। হ্যাভেন অ্যাপটি তল্লাশি, অভিযান, আটক- আইনের বাইরে এমন কোনো কাজে নাগরিকদের চুপ রাখা কঠিন করে দেয়।’