ঢাকাSaturday , 9 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্টমার্টিনে সাত শতাধিক পর্যটক আটকা পড়েছেন

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে বৈরি আবহাওয়ায় আটকা পড়েছেন সাত শতাধিক পর্যটক। এ ছাড়া ভ্রমণে আসা তিন হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারেননি।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ৩নং সতর্ক সংকেত থাকায় শনিবার সকালে টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিন যায়নি। ফলে পর্যটকরা ফিরতে পারছেন না। তবে আটকাপড়া পর্যটকরা নিরাপদে আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, নিম্নচাপটি আরো উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে ৩নং সতর্ক সংকেত দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগর ও নাফ নদীতে মাছ শিকার ও পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগর উত্তাল ও বৈরি আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে ভ্রমণে আসা সাত শতাধিক পর্যটক দ্বীপে রয়েছেন। তারা বিভিন্ন হোটেল-মোটেলে নিরাপদে আছেন। সাগর স্বাভাবিক হয়ে গেলে সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।
তিনি জানান, শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঁচ শতাধিক পর্যটক টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে পারেননি। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমদ মোবাইল ফোনে জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় শনিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেন্টমার্টিনে হাজার খানেক পর্যটক আটকা পড়ে। এর মধ্যে শনিবার সকালে ঝুঁকি নিয়ে ট্রলারে করে তিন শতাধিক পর্যটক টেকনাফ ফিরে গেছেন। যারা দ্বীপে আছেন, তাদের যাতে খাদ্যসহ কোনো ধরনের অসুবিধা না হয়, সেই ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে।
টেকনাফ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, বৈরি আবহাওয়ার কারণে নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকদের খোঁজ-খবর নেওয়া হয়েছে। তারা সবাই নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।