গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসচাপায় লুৎফর রহমান শেখ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে জেলার সদর উপজেলার গোপীনাথপুরে এই দুর্ঘটনা ঘটে। লুৎফর রহমান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ইসলাম শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস গোপীনাথপুরে পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করতে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফাল্গুনী পরিবহনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এবং টুঙ্গিপাড়া পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী লুৎফর রহমানকে চাপা দিয়ে গোপীনাথপুর স্কুলের বাউন্ডারির মধ্যে ঢুকে যায়।
এ ছাড়া এই দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে।
এদের মধ্যে গুরুতর আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

