বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর বিএম কলেজসংলগ্ন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস নামে ওষুধ কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে উৎপাদন করা ২০ লাখ পিস বড়ি ও ক্যাপসুল জব্দ করেছে র্যাব। টানা ১২ ঘণ্টা অভিযান চালিয়ে ওই বড়ি ও ক্যাপসুল জব্দ করা হয়। পরে বুধবার সকালে জব্দ করা ওষুধ পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বরিশাল র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. রকিবুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শেষ রাত পর্যন্ত ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নিউসেপটিন আর, ইন্দোফেনাক, রেনিডিটিন, ইন্দোপ্রোক্সমিক্স, রিবোফ্লোবিন, ডাইফেনাক, মেট্রলসহ আট ধরনের ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে ছয়টি রেজিস্ট্রেশনবিহীন এবং দুটি অনুমোদনবিহীন উৎপাদন করে বিক্রি করে আসছিল কোম্পানিটি।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ওষুধ উৎপাদনের দায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএফএম আনোয়ারুল হককে তিন লাখ টাকা জরিমানা করেন। এরপর জব্দ করা ওষুধ পুড়িয়ে ফেলা হয়।

