লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের বালাইশপুর থেকে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ বালাইশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৮টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবি করছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি ওই এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার বালাইশপুর এলাকায় জাহাঙ্গীর অবস্থান করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তিনটি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ একাধিক মামলা রয়েছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

