চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকায় প্রকাশ্যে জনসমাবেশে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যার দিকে সদরঘাটের মাদারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হারুন (৪০)। তিনি সদরঘাট এলাকার ট্রান্সপোর্ট ব্যবসায়ী।
চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম হত্যার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন কাউন্সিলরের উদ্যোগে মাদারবাড়ীর শুভপুর বাস স্টেশন এলাকায় শোভাযাত্রার আয়োজন করা হয়। এই আনন্দ শোভাযাত্রা শেষ হওয়ার মুহূর্তে জনসমাগমের মধ্যে একটি গুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে থাকে। এর মধ্যে মোহাম্মদ হারুনকে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোয় স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা শেষ হয়ে যাওয়ার পর গুলির শব্দ শোনা যায়। এই সময় ব্যবসায়ী হারুন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।
কে বা কারা গুলি চালিয়েছে- এই ব্যাপারে ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। সদরঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমীন জানিয়েছেন, হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে সনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

