গাজীপুর প্রতিনিধি : জেলার শ্রীপুরে হাজি মফিজ উদ্দিন সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গিলারচালা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যবস্থাপকের নাম মো. নিয়ামত আলী (৩৫)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বেতেরকান্দি গ্রামের রুহুল আমিনের ছেলে। তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজি মফিজউদ্দিন সিএনজি পাম্পের মালিক প্রকৌশলী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নিয়ামত আলী নগদ ১০ লাখ টাকা এবং দুটি পে-অর্ডার (১৮ লাখ ও ২০ লাখ টাকার) নিয়ে মাওনা চৌরাস্তার একটি ব্যাংকে জমা দেওয়ার জন্য ফিলিং স্টেশনের সামনেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে নিয়ামতের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। নিয়ামত ডাক চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তার হাতে কোপ দেয়। এ সময় হাত থেকে ব্যাগটি নিচে পড়ে গেলে ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিয়ামতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার এস আই মো. জামিল উদ্দিন রাশেদ জানান, সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

