তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাব আনুষ্ঠানিকভাবে ‘সেফ কিডস’ সংস্করণ অবমুক্ত করছে। ক্যাসপারস্কি ল্যাবের একমাত্র বিপণনকারী প্রতিষ্ঠান অফিসএক্সট্রাক্টস ২৯ নভেম্বর বুধবার, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাকক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ঘোষণা করেছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ক্যাসপারস্কির ‘সেফ কিডস’ সংস্করণ বাজারে পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে অফিসএক্সট্রাক্টস-এর সিইও প্রবীর সরকার বলেন, বাংলাদেশে সাইবার সিকিউরিটি ব্যবস্থাপনায় ক্যাসপারস্কি একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড। সামাজিক দায়িত্ববোধ আর সময়ের চাহিদার কথা সর্বোচ্চ বিবেচনায় এনেই ক্যাসপারস্কি নতুন ধারণার সেবা নিয়ে এসেছে। কিছুদিন আগে অনলাইন গেম ‘ব্ল হোয়েল’ নেতিবাচক দিক নিয়ে হৈ চৈ পড়ে যায়। তাই সন্তানের অভিভাবকেরা আকর্ষণীয় ডিজিটাল জীবনব্যবস্থার বিভিন্ন ক্ষতিকর প্রভাব নিয়ে এখন রীতিমতো দুশ্চিন্তায় আছেন। কেননা ইন্টারনেট এখন শিক্ষা এবং সামাজিক আচরণের অবিচ্ছেদ্য অংশ। ভালো এবং মন্দ এ দুয়ের অবস্থানই ইন্টারনেটে স্বক্রিয়। তাই এ ক্ষতির হাত থেকে রেহাই পেতে ইন্টারনেটকে এড়িয়ে চলা বা তা থেকে বিচ্ছিন্ন করে দেয়া কোনো সঠিক সমাধান নয়। সচেতনতা এবং অনলাইনে নিশ্চিত নিরাপত্তাই শিশুদের নিরাপদে রাখতে পারে। ক্যাসপারস্কি ‘সেফ কিডস’ বিশেষভাবে শিশুদের জন্য ইন্টারনেটে সুরক্ষা দিতে সক্ষম।
শিশুদের ব্যবহারযোগ্য সব ধরনের ডিজিটাল ডিভাইসে ইন্টারনেট ব্যবহারে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে সেফ কিডস। কতক্ষণ ইন্টারনেটে অবস্থান করছে, কোন ডিভাইস থেকে সাইটে প্রবেশ করছে, কি কি সাইট দেখছে এমনকি ব্যবহার সময়সীমাও বেঁধে দেয়া যাবে সেফ কিডস সিস্টেমে। শুধু তাই নয়, সন্তান ফেসবুকে কি করছে, কোথায় অবস্থান করছে তার রিয়েল টাইম ট্র্যাক, অ্যানড্রয়েড কল এবং এসএমএস ট্র্যাক-এসব সুবিধা দেবে সেফ কিডস। অনেক আগে থেকেই ক্যাসপারস্কি শিশুদের নিরাপদ ইন্টারনেট নিয়ে প্রচারণা করে আসছে। সচেতন অভিভাবকদের জন্য সেফ কিডস একটি বৈপ্লবিক এবং বহুল উপযোগী (টুলস) সেবাপণ্য। ইন্টারনেটে সহজলভ্য এবং ক্ষতিকর বিষয় থেকে শিশুদের নিরাপদে রাখতে সচেষ্ট এ টুলস।
প্রবীর সরকার বলেন, বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে এ ধরনের একটি সেবাপণ্য নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এটি অভিভাবকদের জন্য দারুণ স্বস্তি এনে দেবে। ফলে অভিভাবকদের আর শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, অভিবাবকদের সেফ কিডস বিষয়ে যেকোনো পরামর্শ এবং গাইডলাইন দিতে অফিস অফিসএক্সট্রাক্টস আলাদাভাবে সার্পোট চ্যানেল খুলেছে।

