কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি পূর্বপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই শিশুসন্তানসহ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় শিশুদের বাবা মোশারফ হোসেনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
নিহতরা হলো- মোশারফ হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার (২৮), ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইসা (৮)।
শনিবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। মবিন (২৬) নামে এক কলেজছাত্র ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন মোশারফ হোসেন। মবিন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। এ ঘটনায় মবিনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। সে তারাকান্দি পূর্বপাড়া গ্রামের প্রবাসী আলম মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোশারফ ও মবিনের বাবা প্রবাসী আলম সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীকে মবিনকে আটক করে। পরে তাকে পাকুন্দিয়া থানায় নিয়ে আসা হয়।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

