নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে আনিসা আনান (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সুমাইয়া তাসনুর (১৭) নামে অপর এক ছাত্রী গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাইজদী বাজার এলাকার গ্রিন হল কমিউনিটি সেন্টারের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসা আনাস নোয়াখালী পৌরসভার মাইজদী এলাকার বাসিন্দা আলী আহম্মদের মেয়ে। সে নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। আহত সুমাইয়া একই কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানায়, সকালে দুই কলেজ ছাত্রী ব্যাটারিচালিত অটোরিকশাযোগে (ইজিবাইক) কোচিং পড়তে মাইজদী বাজার থেকে মাইজদী কোর্টের দিকে যাচ্ছিল। পথে মাইজদী-সোনাপুর প্রধান সড়কের গ্রিন হল কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান এলে ইজিবাইকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রেখে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সময় দ্রুতগতির ওই পিকআপভ্যান ইজিবাইকটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনিসা আনাস মারা যায় এবং সুমাইয়া তাসনুর গুরুতর আহত হয়।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপভ্যান ও দুমড়ে-মুছড়ে যাওয়া ইজিবাইক জব্দ করা হয়েছে। দুই গাড়ির চালক পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

