চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার বাকলিয়া এলাকার ভাড়া বাসায় খুন হয়েছেন চট্টগ্রাম আদালতের এক আইনজীবী।
শনিবার সকালে হাত-পা বাঁধা এবং গোপনাঙ্গ কর্তিত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধারের পর দুপুরে সেটি আইনজীবী ওমর ফারুক বাপ্পির (৪০) বলে পুলিশ নিশ্চিত হয়। পুলিশ ধারণা করছে, ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহত বাপ্পি বান্দরবানের আলীকদম উপজেলার চৌমুহনী গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি দীর্ঘ দিন চট্টগ্রাম আদালতে আইন পেশায় জড়িত ছিলেন।
ঘটনার অনুসন্ধানে থাকা চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা জানান, যে ভাড়া বাসা থেকে বাপ্পির লাশ উদ্ধার করা হয়েছে সেই বাসাটি এক সপ্তাহ আগে এক নারী ভাড়া নিয়েছিলেন। আজ ভোরে বাড়ির দরোয়ান বাসার দরজা খোলা দেখে ভেতরে গিয়ে তিনি লাশ পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির মালিক পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রথমে পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করে। দুপুরের দিকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আইনজীবী ওমর ফারুক বাপ্পির সঙ্গে বিভিন্ন ব্যক্তির বিরোধ ছিল। কিছু দিন আগে এলাকায় তার নামে পোস্টার সাঁটা হয়। সচেতন জনতার নামে এই পোস্টারে আইনজীবী বাপ্পিকে ‘নারী লোভী প্রতারক’ হিসেবে আখ্যায়িত করা হয়। তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারের ছবিও পোস্টারে ছিল।
পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের ক্ষোভ থেকে পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন চট্টগ্রাম আদালতের এই আইনজীবী। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল হুদা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো হত্যার ক্লু পাওয়া যায়নি।

