স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালের ১৬ নভেম্বর ভারতের মাটিতে সবশেষ টেস্ট খেলেছিল শ্রীলঙ্কা। ঠিক ৮ বছর পর আজ ভারতের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামছে লঙ্কানরা। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ খেলা শ্রীলঙ্কা যদি কলকাতার টেস্টটি জিতে যায় তাহলে সেটা হবে ভারতের মাটিতে তাদের প্রথম টেস্ট জয়।
৮ বছর আগে শ্রীলঙ্কা যখন ভারতের মাটিতে খেলেছিল তখন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকরতেœ দিলশান, সামারাবিরা ও মুত্তিয়া মুরালিধরনরা খেলেছিলেন। এবারের এই সফরে অবশ্য তাদের কেউ-ই নেই। তুলনামূলক তরুণ একটি দল নিয়ে ভারত সফরে এসেছে লঙ্কানরা। ভারত দলেও অবশ্য বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন নতুন ক্রিকেটাররা উঠে এসেছেন। পারফরম্যান্স করে দলকে জয় উপহার দিচ্ছেন।
এই টেস্টে ভারতের হয়ে খেলছেন না তরুণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম দুই টেস্ট ম্যাচ জিতে যদি ভারত সিরিজ জয় নিশ্চিত করতে পারে তাহলে বিরাট কোহলি হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে বাকি সিরিজের ম্যাচগুলো খেলবেন না। আজ সংবাদ সম্মেলনে কোহলি জানিয়েছেন যে তিনি রোবট নন। প্রয়োজন হলে তিনিও ছুটি নিবেন।
ইডেন গার্ডেনের ঘাসযুক্ত পিচ পেসারদের সুবিধা দিবে। তবে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বাংলাদেশের মতো কলকাতায়ও আজ প্রায় সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় ভারত-শ্রীলঙ্কার লড়াইয়ে বৃষ্টি জল ঢেলে দেয় কিনা।

