স্পোর্টস ডেস্ক : বিশ্ব একাদশ ও শ্রীলঙ্কার ক্রিকেট দলের সফল সফরের পর এবার পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তান সফরে যাবে ক্যারিবিয়ানরা। এই সফরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
তবে চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সে কারণে ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন আরেকটি দল পাকিস্তান সফরে যেতে পারে। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাজাম শেঠি। সিরিজের সময়সূচি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।
ওয়েস্ট ইন্ডিজের এই সফরটি শর্তযুক্ত ছিল। ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছিল পাকিস্তান যদি সফলভাবে আইসিসি বিশ্ব একাদশের বিপক্ষের সিরিজ আয়োজন করতে পারে তাহলে তারা সফরে যাবে। পাকিস্তান আইসিসি বিশ্ব একাদশের বিপক্ষের সিরিজটি সফলভাবে আয়োজন করেছে। এরপর শ্রীলঙ্কা ক্রিকেট দলও পাকিস্তানে গিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছে। তাই ওয়েস্ট ইন্ডিজ রাজি হয়েছে পাকিস্তান সফরে যেতে।
শ্রীলঙ্কা ক্রিকেট দলকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল একই ধরনের নিরাপত্তা দেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকেও।

