নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের কুনমিং ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন কুনমিং ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট জ্যাং ঝুউ। একই সঙ্গে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সাংস্কৃতিকদল বিনিময়ের বিষয়েও মত দেন তিনি।
শুক্রবার চীনের কুনমিং ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট জ্যাং ঝুউ এর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আশা প্রকাশ করেন। শিগগিরই এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেছেন বলে জানা গেছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-অধ্যাপক লিউ জুন ইয়ান, অধ্যাপক মু ন্যান মিং, অধ্যাপক চেন জিং এবং ড. ফ্যান চুয়ান ঝেং।উপাচার্য বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে চীনা প্রতিনিধিদলকে অবহিত করেন।

