অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ঋণ গ্রহীতাদের ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধসহ সকল তথ্যাদি দ্রুততার সঙ্গে প্রদানের জন্য নতুন আঙ্গিকে চালু করা হয়েছে হেল্প ডেস্ক।
এ ছাড়া প্রবাসীদের স্বল্প সময়ে ঋণ সেবা প্রদানের জন্য উক্ত হেল্প ডেস্কে ‘বাসী এক্সপ্রেস’ নামে বিশেষ সেবাও চালু করা করেছে বিএইচবিএফসি কতৃপক্ষ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রহীতাদের যোগাযোগের জন্য- ৯৫৬১৩৮০, ০১৫৫০০৪৩৩০৫ ও ০১৫৫০০৪৩৩০৬ হেল্প লাইন সুবিধা রাখা হয়েছে। এর ফলে করপোরেশনের গ্রাহক সেবার মান উত্তরোত্তর বাড়বে বলে জানান কর্মকর্তারা।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় করপোরেশনের এ হেল্প ডেস্ক উদ্বোধন করেন বিএইচবিএফসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ।
এ সময় অনুষ্ঠানে করপোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক সুধাংশু শেখর বিশ্বাস, ফারুক আহমেদ, মো. জালাল উদ্দিন, শামস্ আল মুজাহিদ এবং ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী, করপোরেশনের মহাব্যবস্থাপক ড. দৌলতুন্নাহার খানম, মো. আমিন উদ্দিন ও মো. জাহিদুল হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

