বিনোদন ডেস্ক : প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মাবতী সিনেমার প্রথম গান ‘ঘুমর’। এ গানে ভারতের রাজস্থানের ঐতিহ্যবাহী ‘ঘুমর’ নাচের তালে নেচেছেন দীপিকা পাড়ুকোন। নাচতে বেশ কষ্ট করতে হয়েছে এ অভিনেত্রীকে।
‘ঘুমর’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল ও স্বরূপ খান। লিখেছেন এ এম তুরাজ। গানে কিছু রাজস্থানি কথা রয়েছে। সেগুলো লিখেছেন স্বরূপ খান। গানটির সংগীতায়োজন করেছেন সঞ্জয় লীলা বানসালি।
গানটিতে নাচের অভিজ্ঞতা জানিয়ে দীপিকা বলেন, ‘এটা আমার ও সঞ্জয় স্যারের শুট করা অন্যতম কঠিন গানের সিকোয়েন্স ছিল। সিনেমাটির শুটিং এই গানের মধ্য দিয়েই শুরু হয়েছিল এবং দিনটি কখনই ভুলব না। আমার মনে আছে, প্রথম দৃশ্য শুটিং করতে যাচ্ছিলাম হঠাৎ আমার মধ্যে শিহরণ অনুভব করলাম। মনে হলো পদ্মাবতীর আত্মা আমার মধ্যে ভর করেছিল। সেই অনুভূতি দীর্ঘদিন ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
গতকাল গানটি প্রকাশের খবর জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে দীপিকা জানান, ‘ঘুমর’ এক ধরনের নাচ যেটি রাজপুত নারীরা শুভ মুহূর্তে নাচেন। এছাড়া ঐতিহ্যগতভাবে রাজপুত নারীরা তাদের শ্বশুরবাড়িতে প্রবেশের সময় এ নাচটি নেচে থাকেন। এর আগে জানা যায়, মুম্বাইয়ে অবস্থিত মেহবুব স্টুডিওতে গানটির জন্য দুর্গের আদলে একটি সেট নির্মাণ করা হয়। ৪০ দিনে ১০০জন ব্যক্তি সেটটি তৈরি করেন। সেটে রাজস্থানি পেইন্টিং ব্যবহার করা হয়েছে।
পদ্মাবতী সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে রানি পদ্মিনি চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে রণবীর সিং ও শহিদ কাপুরকে। ১ ডিসেম্বর মুক্তি পাবে পদ্মাবতী।

