বিনোদন ডেস্ক : সিনেমার প্রচারণার জন্য অনেক পদ্ধতিই ব্যবহার করে থাকেন নির্মাতারা। অনেক সময় প্রচারণার উদ্দেশ্যে গান নির্মাণ করা হয়। কিন্তু পরবর্তীতে সিনেমায় দেখানো হয় না। এ কারণে অনেক দর্শক হতাশ হন।
তেমনি একটি গান ব্যবহার হয় শাহরুখ খান অভিনীত ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ফ্যান সিনেমায়। ‘জাবরা ফ্যান’ শিরোনামের সেই গানটির জন্য ক্ষতিপূরণ পাচ্ছেন এক ভক্ত। সিনেমাটির প্রচারণার জন্য ব্যবহার করা হয় গানটি। দীর্ঘদিন চার্টের শীর্ষেও ছিল এটি। কিন্তু সিনেমার কোথাও গানটি ব্যবহার করা হয়নি। শুধু ক্রেডিট লাইনে গানটি ব্যবহার হয়।
এ বিষয়টি পছন্দ হয়নি ভারতের অরঙ্গবাদের ২৭ বছর বয়সি স্কুল শিক্ষিকা আফরিন ফাতিমা জাইদির। তিনি জেলা ভোক্তা ফোরামে এর বিরুদ্ধে অভিযোগ করেন। বিষয়টি ঠিক হয়নি বলে তিনি মনে করেন। কিন্তু এ অভিযোগের সঙ্গে ভোক্তা ও ক্রেতার কোনো যোগসাজশ নেই জানিয়ে ২০১৬ সালের এপ্রিলে তার এই অভিযোগটি খারিজ করে দেয়া হয়। বলা হয় এটি ভোক্তা রক্ষা আইনের আওতায় পড়ে না।
কিন্তু চলতি মাসের শুরুতে মহারাষ্ট্র স্টেট কনজিউমার ডিসপিউটস কমিশনের অরঙ্গবাদ সার্কিট বেঞ্চ মনে করেন আফরিনের অভিযোগ ন্যায়সঙ্গত। তারা ফ্যান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার টাকা দেয়ার নির্দেশ দেন। এর মধ্যে ১০ হাজার টাকা মানসিক হেনস্তার জন্য এবং অভিযোগের খরচ বাবদ বাকি পাঁচ হাজার টাকা দিতে বলা হয়।
যদিও আফরিন ক্ষতিপূরণ বাবদ ৬০ হাজার ৫৫০ রুপি দাবি করেছিলেন। এর মধ্যে ৩ হাজার ৫৫০ রুপি টিকেটের খরচ, নাস্তা ও অটোরিকশা ভাড়া বাবদ এবং ২৫ হাজার রুপি মানসিক হেনস্তা ও ৩০ হাজার রুপি আইনজীবীর খরচ।

