বিনোদন ডেস্ক : সাড়া জাগানো ভারতীয় সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। বক্স অফিসের পাশাপাশি দর্শক মনেও জায়গা করে নিয়েছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি। এবার অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের সময় রোগীকে দেখানো হলো এটি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিনয়া কুমারি নামের ৪৩ বছর বয়সি এক নারীর ব্রেইন টিউমার ধরা পড়ে। এরপর তাকে ভারতের অন্ধ্রপ্রদেশের গুনতার মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তার অস্ত্রোপচার করেন। কিন্তু অস্ত্রোপচারের মুহূর্তে রোগীকে জাগিয়ে রাখার প্রয়োজন ছিল। এর উপায় হিসেবে ব্যবহার করা হয় বাহুবলি-দ্য কনক্লুশন। অস্ত্রোপচারের সময় রোগীকে জাগিয়ে রাখতে অপারেশন থিয়েটারের ল্যাপটপে চালানো হয় সিনেমাটি এবং শেষ পর্যন্ত সফলভাবে অস্ত্রোপচার করতে সক্ষম হন চিকিৎসক।
এ প্রসঙ্গে নিউরোসার্জন শ্রীনিবাস সংবাদমাধ্যমে বলেন, ‘এ ধরনের সার্জারিতে রোগীকে জাগিয়ে রাখা জরুরি এবং সিনেমাটি সেটি করতে পেরেছে। পুরো প্রক্রিয়ায় তিনি কখনো আতঙ্কিত হননি, বরং তিনি গুণগুণ করে গান গাইছিলেন।’
অস্ত্রোপচার প্রসঙ্গে বিনয়া কুমারি বলেন, ‘দেড় ঘণ্টা অস্ত্রোপচার হয়েছে, কিন্তু আরো একটু বেশি সময় হলে ভালো হতো, তাহলে আমি পুরো সিনেমাটি শেষ করতে পারতাম।’

