স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো টানা ১০ ওয়ানডে জয়ের হাতছানি সামনে রেখে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে খেলতে নেমেছিল ভারত। তবে ভারতের ‘পারফেক্ট টেন’ অধরাই রয়ে গেছে। টানা ৯ ওয়ানডে জয়ের রেকর্ডে ছেদ পড়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে ২১ রানের হারে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছে বিরাট কোহলির দল।
ইন্দোরে গত রোববার তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। টেস্ট র্যাঙ্কিংয়েও শীর্ষে তারা। কিন্তু ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতের রাজত্ব টিকল মাত্র চার দিন। ভারত যাদের টপকে শীর্ষে উঠেছিল, সেই দক্ষিণ আফ্রিকা আবার রাজত্ব ফিরে পেয়েছে। ভারত নেমে গেছে দুইয়ে।
ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই রেটিং পয়েন্ট এখন ১১৯। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তিন দিনের মধ্যেই আবার শীর্ষে ফেরার সুযোগ থাকছে ভারতের সামনে। আগামী রোববার নাগপুরে পঞ্চম ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালেই আবার শীর্ষে উঠবে কোহলির দল।

