নিজস্ব প্রতিবেদক : জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজশাহী মহানগরীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের ম্যানেজার নাহিদুদ্দোজা মিঞা ওরফে নাহিদসহ গ্রেপ্তার ১১ জনকে ফের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে শুক্রবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-হেলাল উদ্দিন (২৯), আল আমিন (২৩), ফয়সাল ওরফে তুহিন (৩৭), মঈন খান (৩৩), আমজাদ হোসেন (৩৪), তাজুল ইসলাম (২৭), জাহেদুল্লাহ (২৯), আল-মামুন (২০), আল-আমিন (২৩) ও টলি নাথ (৪০)।
তিনদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের দশ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা রূপনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৫ সেপ্টেম্বর তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর ভোরে ঢাকা, রাজশাহী ও খুলনার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করে র্যাব-৪ এর অপারেশন দল।

