স্পোর্টস ডেস্ক : চলতি বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয়টিতে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও দলে ছিলেন না তিনি।
তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম নেওয়ায় সাকিব আল হাসানের পরিবর্তে এই সফরে আবারও ডাক পান অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এবার পচেফস্ট্রুম টেস্টের একাদশেও রয়েছেন তিনি। সাকিবের পরিবর্তে একজন অলরাউন্ডারের ঘাটতি মেটাতেই অভিজ্ঞ মাহমুদউল্লাহকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন নির্বাচকরা।
এদিকে উইকেটের পেছনে অধিনায়ক মুশফিকুর রহিমের বদলে জায়গা পেয়েছেন লিটন কুমার দাস। তাসকিন, শফিউল ও মুস্তাফিজসহ তিন পেসারের সঙ্গে একমাত্র পরীক্ষিত স্পিনার মেহেদী হাসান মিরাজকে নিয়ে সেনওয়েস পার্কে খেলতে নেমেছে বাংলাদেশ।
দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে আজ টস জেতে বাংলাদেশ। তবে শুরুতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

