নিজস্ব প্রতিবেদক : তৃতীয় আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে পথযাত্রা, মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা ও ঢাকা বধির সংঘ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা বধির সংঘের চেয়ারম্যান মো. আসলাম খান বলেন,’শ্রবণ প্রতিবন্ধীরা যুগ যুগান্তরের অবহেলার শিকার। তাই তারা সব কিছুতেই সকলের পেছনে। উপযুক্ত চিকিৎসা, ক্রীড়া,শিক্ষা ও কর্মসংস্থানের অভাবে তাদের অধিকাংশই মানবেতর জীবন যাপনে বাধ্য হয়। এসব অসহায় অবহেলিত মানব সন্তানদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তাদের স্বনির্ভর করার জন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগে কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান।’
তিনি বলেন, ‘অসংখ্য বধির তরুণ ও যু্বক চাকরি পাচ্ছে না। সরকারি নীতিমালা অনুযায়ী শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১০% চাকরির সংরক্ষিত কোটা প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া গেছে। কিন্তু বাস্তবে বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সরকারি চাকরি পায়নি।’
এ সময় তিনি তৃতীয় আন্তর্জাতিক বধির সপ্তাহ-২০১৭ উপলক্ষে আহ্বান জানিয়ে বলুন, ‘বধিরদের শ্রবণ প্রতিবন্ধী বা বধির বলুন। তাদের বোবা অথবা কালা বলবেন না। তাদের উপহাস করবেন না। তাদের সাহায্য করুন। শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের বৈধ বাড়ির বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল ও ভ্যাট-ট্যাক্স অর্ধেক মওকুফের ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতে ব্যবস্থা করতে হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বধির সংঘের সাধারণ সম্পাদক আ স ম রহমতউল্লাহসহ বিভিন্ন স্থান থেকে আগত বধিরগণ।

