নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয় জন নিহত ও সাত জন আহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল লিংক রোড এলাকায় দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে মধুপুর (এলেঙ্গা) ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, দুপুরে বাসাইল লিংক রোডে ঢাকামুখী মাইক্রোবাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চার যাত্রী নিহত হন।
এ ঘটনায় উভয় গাড়ির অন্তত ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে এদের মধ্যে পাঁচ জন মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন আটজনের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

