কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ১১ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচটি শিশু, পাঁচ জন নারী ও একজন পুরুষ।
টেকনাফ থানার ওসি মো. মইনউদ্দিন খান জানিয়েছেন, বৃহস্পতিবার বিভিন্ন সময়ে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরে বঙ্গোপসাগরের মোহনা, শাহপরীর দ্বীপের উপকূল, সদর ইউনিয়নে তুলাতুলির নাফ নদী থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, সকালে থেকে বিভিন্ন পয়েন্টে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ পৌঁছে জনপ্রতিনিধিসহ স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহগুলো স্থানীয়ভাবে পর্যাক্রমে দাফন করা হচ্ছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত সাত দিনে টেকনাফ উপজেলা থেকে ৮৩ জনের ও ঘুমধুম সীমান্ত থেকে সাত জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার হলো।

