আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে শরণার্থীদের ভাগ করে দেওয়ার কোটা ব্যবস্থার বিরুদ্ধে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে ইইউ’র শীর্ষ আদালত। বুধবার আদালতের এ রায়ের ফলে ইইউ’র সিদ্ধান্ত নেওয়া কোটা ব্যবস্থাই বহাল থাকবে।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে সহিংসতা ছড়িয়ে পড়ায় ২০১৫ সালে ইউরোপে শরণার্থীর ঢল নামে। শরণার্থীদের অধিকাংশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস ও ইতালিতে আশ্রয় নেয়। বিপুল সংখ্যক শরণার্থীর দায় কেবল নিজেদের দেশে রাখতে অনিচ্ছুক দেশ দুটির আবেদনের পরিপ্রেক্ষিতে ইইউ কোটা ব্যবস্থার ঘোষণা দেয়। এর আওতায় দুই বছরের মধ্যে গ্রিস ও ইতালিতে থাকা ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে আনুপাতিক হারে বন্টনের কথা বলা হয়। ওই সময় ইউ’র এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল হাঙ্গেরি ও স্লোভাকিয়া।
রায়ে ইউরোপীয় শীর্ষ আদালত ইসিজি বলেছে, শরর্ণাথী ভাগ করে নেওয়ার যে প্রকল্প ছিল সেটি বর্তমান ইইউ নীতির ওপর ভিত্তি করে সমানুপাতিক হারে ছিল। ‘২০১৫ সালের শরণার্থী সংকট মোকাবেলায় গ্রিস ও ইতালিকে সহযোগিতা করতে প্রকৃতপক্ষে এই প্রকল্প চালু কর হয়েছিল।’
আল-জাজিরা জানিয়েছে, আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। এর ফলে ইউরোপিয়ান কমিশনের কর্মকর্তারা কোটা অনুযায়ী ইইউ দেশগুলোতে শরণার্থীদের ভাগ করে দিতে পারবেন।

