নিজস্ব প্রতিবেদক : ‘আমার মনে হয়, আমাদের স্পিন আক্রমণ ওদের চেয়ে ভালো। সব কন্ডিশনে বলবো না, আমাদের দেশে ওদের চেয়ে আমরা ভালো। তাইজুল-মিরাজ অনেক দিন ধরে ভালো বোলিং করছে। এই সিরিজে ওরা দারুণ কিছু করবে বলেই আমরা বিশ্বাস করি।’-বৃহস্পতিবার কথা গুলো বলছিলেন সাকিব আল হাসান।
অস্ট্রেরিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অনেকটাই আগুণে ঘি ঢেলে দিয়েছিলেন সাকিব! নিজ কন্ডিশনে বাংলাদেশকে এগিয়ে রেখে অস্ট্রেলিয়াকে রেখেছেন অনেকটাই পিছিয়ে। আজ অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়নের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবের বক্তব্য নিয়ে। অনুশীলনের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে যোগ দেয়া লিয়ন স্পষ্ট বলেছেন, ‘দুই দল এখনও মাঠে নামেনি। তাই তার বিবৃতিটি বেশ বড়। তবে প্রত্যেকেরই নিজের ভাবনা প্রকাশ করার অধিকার রয়েছে। সত্যি বলতে আমরা কি করছি সেটা নিয়ে আমরা চিন্তিত। তারা কি ভাবছে, চিন্তা করছে তা বলতেই পারে। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এবং সামনে যে চ্যালেঞ্জ আসছে সেটা নিতে মুখিয়ে আছি।’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব প্রত্যাশা করছেন নিজেদের সেরা খেলা উপহার দিতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা সম্ভব। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও হোয়াইট-ওয়াশের প্রত্যাশা করছেন। সহ-অধিনায়ক তামিম ইকবালও বলেছেন জেতার জন্য মাঠে নামবে বাংলাদেশ। সব মিলিয়ে টাইগার শিবির প্রস্তুত অস্ট্রেলিয়া বধে!
অসি স্পিনার লিয়ন মনে করে বাংলাদেশ শক্তিশালী দল। তবে তারাও ছেড়ে দেওয়ার পাত্র নন। লিয়নের ভাষ্য, ‘প্রত্যেকেরই নিজস্ব মত আছে, লক্ষ্য আছে। তবে আমি এখানে আমার লক্ষ্য জানাতে বসিনি! আমরা হাসিমুখে মাঠে নামব এবং বাংলাদেশের বিপক্ষে খেলবে। তারা শক্তিশালী দল। আমরা এখানে দুটি টেস্ট খেলতে এসেছি, আমরাও ভালো কিছু করব। আশা করছি আমরা ভালোভাবেই সিরিজ জিততে পারব।’

