নিজস্ব প্রতিবেদক : আজ যারা টিকিট কিনতে পারবেন না, আমাগীকালও থাকছে তাদের জন্য ট্রেনের টিকিট কেনার সুযোগ।
আগামীকাল বিক্রি হবে ১ সেপ্টেম্বরের টিকিট। এ ছাড়া ৩ থেকে ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট কেনা যাবে ২৫ থেকে ২৯ আগস্টের মধ্যে।
কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, ‘আগামীকাল স্বাভাবিক নিয়মেই টিকিট বিক্রি করা হবে। কাল আমরা ১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করব।’
তিনি বলেন, স্বাভাবিক সময়ে যে পরিমাণ টিকিট বিক্রি করা হয় আগামীকালও সেই পরিমাণ টিকিট বিক্রি হবে।
আজ মঙ্গলবার বিক্রি করা হয় ৩১ আগস্টের রেলের অগ্রিম টিকিট। সারা দিনে বিক্রির টার্গেট ২৫ হাজার ১০২টি টিকিট। এ ছাড়া অন্যান্য চলতি ট্রেন মিলিয়ে টিকিট বিক্রি হবে ৫০ হাজার।
গত কয়েকদিনে তুলনায় ৩১ আগস্টের অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে ভিড় সবচেয়ে বেশি। যেন তিল ধারণের জায়গা ছিল না। এখন ভিড় একটু কমেছে। তবে অনেকেই টিকিট না পেয়ে ফিরে গেছেন খালি হাতে।
স্টেশন ম্যানেজার বলেছেন, আজ যে পরিমাণ টিকিট দেওয়া হয়েছে, এর তিনগুণ বেশি টিকিট দিলেও টিকিটপ্রত্যাশী সবাইকে টিকিট দেওয়া সম্ভব না। কারণ সেই পরিমাণ যানবাহন নেই।
বুধবার সকাল ৮টা থেকে কমলাপুর রেলসস্টেশনের ২৩টি কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি হয়। এর মধ্যে দুটি নারীদের জন্য সংরক্ষিত। টিকিট বিক্রি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

